‘বেতন বৃদ্ধির সুযোগে যেন  জিনিসপত্রের দাম না বাড়ে

বেতন বৃদ্ধির সুযোগে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান সংগঠনের প্রশাসক মো. ফজলুল হক।

সভায় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, সরকারি বেতন স্কেল ঘোষণার পরপর অনুষ্ঠিত এ সভা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে এমনিতে সাধারণ মানুষ কষ্টে আছে। এই পরিস্থিতিতে কিছু মানুষের বেতন বেড়ে গেল, আর সেই সুযোগ নিয়ে ব্যবসায়ীরাও আগামীকাল চাল, ডাল ও তেলের দাম দুই টাকা থেকে পাঁচ টাকা করে বাড়িয়ে দিলেন—এটা যেন না হয়। মো. ফজলুল হক আরও বলেন, ‘যারা সরকারি চাকরি করেন, বেতন বাড়ার পরে তারা হয়তো পাঁচ টাকা বেশি দিতে পারবেন। কিন্তু সরকারি চাকরি করেন না, এমন মানুষের সংখ্যাই বেশি। ফলে ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব আছে। ব্যবসায়ীরা বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা, মূল্যবৃদ্ধি, সিন্ডিকেট করবেন না; আজ সভা থেকে আমরা এই বার্তা দিতে চাই।’ সূত্র: যুগান্তর

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট