নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল রোববার (৩০ আগস্ট) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মৃত্যু হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের গিরং এলাকায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে নেপালের ১০৪, ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩, যুক্তরাষ্ট্রের ১৮ এবং যুক্তরাজ্যের ১৫ নাগরিক রয়েছেন। নেপালে মৃতের সংখ্যা ৭৩৪ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৯৮ বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে ৩১টি দেশের ৫১৭ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন।

দুর্যোগের পর নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু এবং নতুন করে নদীর পানি বাড়ার আশঙ্কায় উদ্ধারকারীদের কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার সকালে সতর্ক করে জানিয়েছে, রাসুয়া জেলায় ভোতেকোশী নদীর পানির প্রবাহ আরও বেড়েছে। এতে উদ্ধারকারী দলগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি হয়েছে এবং দুর্গত এলাকায় কাজের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গাগুলোর একটি হলো জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা শ্রমিকদের উদ্ধার। ত্রিশুলি-৩এ ও ত্রিশুলি-৩বি প্রকল্পের বিভিন্ন টানেলে এখনো শতাধিক মানুষ আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাতে নেপাল সেনাবাহিনী ত্রিশুলি-৩এ প্রকল্পের একটি টানেলে ছোট একটি পাইপ ঢোকাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে টানেলের ভেতরে বাতাস পাঠানো শুরু হয়েছে। এরপর ভেতরে পৌঁছাতে খননকাজ শুরু করে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ জানিয়েছেন, টানেলের ভেতরে বাতাস পাঠানোর পর উদ্ধারকাজের পরবর্তী ধাপ শুরু হবে। আটকা শ্রমিকদের জীবিত উদ্ধারে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।নেপালের অনুরোধে চীনও টানেল উদ্ধারে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। মোট নয়জন চীনা বিশেষজ্ঞ নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযানে কারিগরি সহায়তা দিচ্ছেন। তাঁরা ধসে যাওয়া ও কাদায় বন্ধ হয়ে যাওয়া টানেলে প্রবেশের উপায় নির্ধারণে নেপালি উদ্ধারকারী দলের সঙ্গে কাজ করছেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট