সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : ডিআইজি
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আশিক সাঈদ। কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয় উল্লেখ করে রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে ডিআইজি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
