রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
গত বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বাংলাদেশের জনগণের সেবায় মির্জা ফখরুলের দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা একটি সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হয়েছে।
দুই প্রতিবেশী দেশের অংশীদাররি আরো শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র কালের কণ্ঠ
