রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ইউট্যাবের শুভেচ্ছা

প্রভাত ডেক্স:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তার প্রজ্ঞা, সততা, ত্যাগ, সহিষ্ণুতা এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকার তাকে জাতীয় রাজনীতিতে একজন প্রাজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তারা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের গুরুদায়িত্বে অধিষ্ঠিত হলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে গভীর উপলব্ধি দেশের সংবিধানের মর্যাদা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সুশাসনের বিকাশ এবং জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউট্যাব নেতারা বলেন, দেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন সংরক্ষণ এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও সুচিন্তিত দিকনির্দেশনা দেশের শিক্ষকসমাজকে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।

তারা বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সব নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

ইউট্যাবের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তার দায়িত্বশীল ও সফল ভূমিকার জন্য ইউট্যাব সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশাবাদ ব্যক্ত করেছে।

সূত্র: কালের কণ্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট