রুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক শামীম আখতারের ইন্তেকাল
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শামীম আখতার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
অধ্যাপক শামীম আখতারের মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. শামীম আখতার ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান রুয়েট পরিবার বিশেষভাবে স্মরণ রাখবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অনুকরণীয় মানুষকে হারাল। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৯টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার চন্দ্রিমা ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাত ১০টায় মহিষবাথান সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মহিষবাথান গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ড. শামীম আখতার দীর্ঘ সময় রুয়েটের যন্ত্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন এবং ২০২০ সালে তিনি অবসরে যান। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি
