প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। সাইয়েদ বিন আব্দুল্লাহকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন। তাকে সরকারের গ্রেড-২ পদমর্যাদায় এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্তাবলি উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
