শিবগঞ্জে টয়লেটের ট্যাংকে গৃহবধূর লাশ, আটক স্বামী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় টয়লেটের ট্যাংক থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজানুর রহমান ভেজুর স্ত্রী। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, সকালে নাসিমা বেগমের বাড়ির উঠানে রক্তের দাগ দেখতে পান প্রতিবেশীরা। পরে বাড়ির পাশের টয়লেটের ট্যাংকে তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এ সময় এলাকাবাসী তার স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসি হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
