| | |

যে কারণে ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রায়হান রাফী

পবিত্র ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ছবির তৃতীয় পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, ছবিটি তিনি উৎসর্গ করছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবির আদলে তৈরি পোস্টারটি শেয়ার করে রাফী লিখেছেন, ‘কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান? অ্যা ট্রিবিউট টু তারেক মাসুদ।’
তারেক মাসুদকে উৎসর্গ করার বিষয়ে রাফী বলেন, ‘এটা আমার প্রথম প্রযোজিত ছবি, গল্পটাও আমার খুব কাছের। তারেক মাসুদকে দেখে সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি, উনি আমার গুরু বলতে পারেন। তাই আমার প্রথম প্রযোজিত সিনেমা হিসেবে মনে হয়েছে এটা আসলে তাঁকে উৎসর্গ করা যায়।’

রাফী আরও বলেন, ‘পোস্টে আমরা একটা লাইন লিখেছি “কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান” এই ছবির প্রতিটি চরিত্রই জীবনের কোনো না কোনো পর্যায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তারা বাঁচার লড়াই করে। সেই অর্থে এই সিনেমাটি সবার মুক্তির গান গাইবে।’
সিনেমাটি নিয়ে রাফী আরও বলেন, ‘এটি কোনো সাধারণ আর্ট ফিল্ম বা গতানুগতিক কমার্শিয়াল ছবি নয়; এটি একটি হাইপারলিংক সিনেমা, যেখানে অনেকগুলো গল্প একসঙ্গে এসে একটি জায়গায় মিশে যায়। আমাদের দেশে এমন গল্পের ছবি খুব কম হয়েছে।’

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার

এর আগে প্রকাশিত সিনেমার অফিশিয়াল পোস্টারে একসঙ্গে দেখা যায় চার অভিনেত্রীকে। চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমার পোস্টারের ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, নারীকে কেন্দ্র করেই এগোবে এ সিনেমার গল্প। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম—এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।
ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *