ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে ইংল্যান্ড। সোমবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নাটকীয়ভাবে ৫ রানে হারিয়ে ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাঈদ আজমলের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড ৬ উইকেটে ১২৯ রানের বেশি করতে পারেনি। কেভিন পিটারসেন ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেননি। এনএনবি
উদ্বোধন করতে নেমে ৬২ রানে অপরাজিত থেকে যান পিটারসেন। ৫২ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ৬টি চার ও একটি ছক্কা। পিটারসেন ছাড়া আর দুজনই শুধু দুই অংকের ঘরে যেতে পেরেছেন-অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ কিসওয়েটার (১৭) ও ৭ নম্বরে নামা সমিত প্যাটেল (১৬)। ২৩ রানের বিনিময়ে আজমলের শিকার চার উইকেট।
জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাফিজ জেড ডার্নবাখকে ফিরতি ক্যাচ দিলেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আওয়েইজ জিয়া ও তিন নম্বরে নামা আসাদ শফিকের দৃঢ়তায় শুরুর ধাক্কা ভালো মতোই সামলে ওঠে পাকিস্তান।
গ্রায়েম সোয়ানের বলে বিতর্কিত এলবিডব্লিউর শিকার হওয়া জিয়ার ব্যাট থেকে আসে ২৩ রান। রান আউট হওয়ার আগে শফিক করেন ৩৪ রান। এ দুজনের বিদায়ের পর অধিনায়ক মিসবাহ-উল-হক (২৮) ও উমর আকমল (২২) অনেক চেষ্টা করলেও ৬ উইকেটে ১২৪ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
ডার্নবাখ দুটি এবং একটি করে উইকেট নেন সোয়ান ও স্টুয়ার্ট ব্রড।

