হেডিংলিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পাকিস্তান আজ বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে। তবে সেই সাফল্যে আকাশে উড়ছেন না অধিনায়ক সালমান বাট। তিনি বলেছেন, আমরা জানি নিজেদের মাটিতে ইংল্যান্ড দারুণ শক্তিশালী। অস্ট্রেলিয়ার চেয়েও এ সিরিজটা কঠিন হবে বলেই মানছি। কিন্তু আমরা তৈরী। হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য মাত্র ১৮০ রান তাড়া করতে নেমেও ৭ উইকেট হারিয়েছিল পাকিস্তান। মূলত বোলাররা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৮৮ রানে বেঁধে ফেলে তাদের জয়ের ভিত গড়ে দিয়েছিল। তাই দলের ব্যাটসম্যানদের ইংলিশদের বিপক্ষে বুক চিতিয়ে খেলার আহবান জানিয়েছেন বাট। পাকিস্তান দল হেডিংলিতে খেলা একাদশই নামাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। এনএনবি
ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও মানছেন পাকিস্তানের বিপক্ষে লড়াইটা কঠিন হবে। তবে জানিয়ে দিয়েছেন তারও লক্ষ্য হবে পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইনআপ। তবে তাদের পেস বোলিংকে দুর্দান্ত মানছেন স্ট্রাউস। অবশ্য তার মতে হেডিংলিতে পেস বোলিং সহায়ক পিচ এবং পরিবেশ কাজে লাগিয়েছিল পাকিস্তানের বোলাররা।
পাকিস্তানের বোলিং আক্রমণ এই মুহূর্ত বিশ^সেরা সেটি মানতেও আপত্তি স্ট্রাউসের। তবে তার ভাষায় আমের, আসিফ এবং গুলকে নিয়ে গড়া বোলিং আক্রমণ বিপজ্জনক। ইংল্যান্ড দলে ফিরেছেন পল কলিংউড এবং পেসার স্টিভেন ফিন। তবে চোটের জন্য শেষ মুহূর্তে বাদ পড়েছেন আজমল শাহজাদ। তার জায়গায় এসেছেন টিম ব্রেসনান। চোটের কারণে মাঠের বাইরে থাকা ইয়ান বেলের জায়গা নিয়েছেন ইউয়িন মর্গান।